ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) রাত ৯টা ৪৩ মিনিটের দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন— মো. শাহীন খান্দকার (৩০), মো. জসিম (২৬) এবং মো. শাহাদাত হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। সে সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিস্ফোরণের পর নেতাকর্মীরা দ্রুত কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তায় মানবঢাল তৈরি করেন। এ সময় সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।
ঘটনার পর সমাবেশস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।