দক্ষিণ কোরিয়া সফর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
রোববার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশ যখন অবরুদ্ধ ছিল, তখন প্রবাসীরা মুক্তির আশা জাগিয়ে রেখেছিল। গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ের মতো জুলাই সনদ ও গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নেও প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা পৌঁছে দিতে প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
গত জাতীয় সংসদ নির্বাচনের মতো ভবিষ্যতের নির্বাচনগুলোতেও প্রবাসীদের ভোটাধিকার অব্যাহত রাখতে এনসিপি কাজ করবে বলেও আশ্বাস দেন আসিফ মাহমুদ।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার নীতিনির্ধারণেও তারা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, গোয়াংজু ডেমোক্রেসি ফোরামে অংশ নিতে এসে কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনের অভিজ্ঞতা কাছ থেকে দেখেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে বিশ্ববাসীর সামনে তুলে ধরারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত প্রবাসীরা শিক্ষার্থীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর ব্যবস্থা, কোরিয়ায় বাংলাদেশি অভিবাসন প্রক্রিয়া সহজ করা, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, বিমানবন্দরে হয়রানি রোধ এবং দেশে প্রবাসীদের অধিক অন্তর্ভুক্তির দাবি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য আয়মান রাহাত, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার আহ্বায়ক আরিফুর রহমান ও সদস্য সচিব বাবুল মিয়া।