বিএনপির নিয়োগকৃত প্রশাসকদের অধিকাংশই যোগ্যতাহীন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বিএনপি চাইলে এসব কর্মকর্তার জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে।
শনিবার (৬ জুন) কুমিল্লা নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও এনসিপিতে যোগদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, যিনি আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি সাধারণ বরাদ্দ ও বিশেষ বরাদ্দের পার্থক্যও বোঝেন না। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, তিনি ন্যূনতম এসএসসি পাস।
তার ভাষায়, বিএনপি যেসব প্রশাসক নিয়োগ দিয়েছে তাদের অধিকাংশই যোগ্যতাহীন। যোগ্য ও অভিজ্ঞদের বাদ দিয়ে এ ধরনের লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে, যা দুঃখজনক।
তিনি আরও বলেন, জেলা পরিষদসহ বিভিন্ন পর্যায়ে বরাদ্দের বিষয়ে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। তার দাবি, বিশেষ বরাদ্দসহ বিভিন্ন খাতে সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং এসব তথ্য জনসমক্ষে যাচাই করা সম্ভব।
এর আগে একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তিনি ধর্ষণ, ছিনতাই ও মব জাস্টিসসহ বিভিন্ন অপরাধ পরিস্থিতির অবনতির অভিযোগও তোলেন।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরসহ অনেকে উপস্থিত ছিলেন।