বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরা দলটির বর্তমান রাজনীতি পছন্দ করছেন না এবং ভবিষ্যতে তাদের অনেকেই জাতীয় নাগরিক পার্টিতে (National Citizen Party) যোগ দিতে পারেন বলে দাবি করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি ছিল ‘রাজনীতিক ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের যোগদান’ উপলক্ষ্যে।
আসিফ মাহমুদ বলেন,
বিএনপির ভুল রাজনীতির কারণে তরুণ প্রজন্মের পাশাপাশি তাদের ঘরের সন্তানরাও এখন দলটির প্রতি আস্থা হারাচ্ছে। তিনি দাবি করেন, বিএনপির অনেক বড় নেতার সন্তানরা এনসিপির সঙ্গে যোগাযোগ করছেন এবং ভবিষ্যতে তাদের কেউ কেউ এনসিপিতে যোগ দিতে পারেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে এবং অতীতেও যারা রাজনৈতিক প্রতারণা করেছে তারা দীর্ঘদিন টিকে থাকতে পারেনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে এই অচলাবস্থা দূর করার আহ্বান জানান তিনি।
আসিফ মাহমুদ আরও মন্তব্য করেন, প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করা উচিত নয়।
অনুষ্ঠানে ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর আহত নেতারা, বিভিন্ন পেশাজীবী ও ব্যক্তিবর্গ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেয় দলটির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।