জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান পার্থের

স্টাফ রিপোর্টার
 ছবি: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
ছবি: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘জুলাই সনদ’ নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে ভোলা শহরের উকিলপাড়া বাসভবনে তার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

জুলাই সনদকে বিরোধী দল এমনভাবে উপস্থাপন করছে যেন তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা সঠিক নয়। তারা জুলাই সনদের প্রতিটি দফাকে সম্মান করে এবং এর স্পিরিট ধারণ করে।

পার্থ আরও বলেন, তিনি আগেও বলেছেন, জুলাই সনদের স্পিরিটকে তারা ধারণ করবেন এবং একই সঙ্গে সংবিধানকেও সম্মান করবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পক্ষ থেকেও আশ্বাস পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দল

“প্রতারণা” শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা থেকে তাদের সরে আসা উচিত।

এ সময় তিনি আরও জানান, ভোলা-বরিশাল সেতু প্রকল্প নীতিগতভাবে অনুমোদন পেয়েছে এবং শিগগিরই একনেকের সভায় চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে। পাশাপাশি ভোলায় একটি মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়টিও সরকার অনুমোদন দিয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, আগামী ৪২ দিনের মধ্যে ভোলাবাসীর জন্য এসব উদ্যোগ বড় অর্জন হিসেবে যুক্ত হবে।

সম্পর্কিত