সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বুধবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি। বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
শোকবইয়ে স্বাক্ষর করার সময় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন আবদুল্লাহিল আমান আযমী। তিনি দেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান এবং তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন।
পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। এ সময় তিনি তাঁর লেখা একটি বই তারেক রহমানের হাতে তুলে দেন।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা ধারাবাহিকভাবে বিএনপির গুলশান কার্যালয়ে আসছেন। তাঁরা সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।