পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: দুই স্কুলশিক্ষার্থী নাহিয়ান ও ইয়াকুব।
ছবি: দুই স্কুলশিক্ষার্থী নাহিয়ান ও ইয়াকুব।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার পৌরসভার খরকী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার সকালে নাহিয়ান ও ইয়াকুব বিদ্যালয়ে যায়। দুপুরে বিদ্যালয় ছুটি হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে স্থানীয়রা দুই শিশুর জুতা দেখতে পান। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, খেলাধুলার পর গোসল করতে গিয়ে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হতে পারে।

স্থানীয় বাসিন্দা পলাশ বলেন, নাহিয়ান ও ইয়াকুব প্রতিদিন একসঙ্গে স্কুলে যেত এবং একসঙ্গেই বাড়ি ফিরত। সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীকে জানানো হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, দুই শিক্ষার্থীই সেদিন বিদ্যালয়ে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হওয়ার পর তাদের বাড়ি যাওয়ার কথা ছিল। বিকেলে তাদের মৃত্যুর খবর শুনে তিনি হতবাক হয়ে যান। তার ভাষ্য, তারা দুজনই খুব মিশুক ও ভদ্র স্বভাবের ছিল।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন দুই পরিবারের সদস্যরা।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত