বেগমগঞ্জে জিপে লুকানো ৮০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকায় একটি জিপ গাড়িতে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমুনি হেতালিয়া পাড়ার মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে মো. পারভেজ (৪২) এবং একই গ্রামের শেখ চাঁন মিয়ার ছেলে মো. বিপ্লব (৪৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিদের ব্যবহৃত কালো রঙের একটি হার্ডজিপ গাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়িটির পেছনের ডান পাশের দরজায় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো পাওয়া যায়। সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের ভেতরে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে এসব মাদক রাখা ছিল।

নোয়াখালীর পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মাদককারবারি পারভেজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে।

সম্পর্কিত