সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়াতে গিয়ে হৃদরোগে মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: টিপু সুলতান
ছবি: টিপু সুলতান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ম্যারাথনে অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার পানাম নগর আমিনপুর মাঠ থেকে শুরু হওয়া ম্যারাথনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, সকাল ৬টায় ‘সোনারগাঁও রানার্স’ সংগঠনের উদ্যোগে সাড়ে ৭ কিলোমিটারের ম্যারাথন দৌড় শুরু হয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০০ জন দৌড়বিদ এতে অংশ নেন।

দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করার পর বালিয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছালে টিপু সুলতান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান।

পরে ম্যারাথনের চিকিৎসা দলের সহায়তায় তাকে দ্রুত সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে মদনপুর আল বারাকা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রধান আয়োজক শিমুল ভূইয়া বলেন, টিপু সুলতান ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তার আকস্মিক মৃত্যুতে আয়োজকরা গভীরভাবে শোকাহত।

এদিকে টিপু সুলতানের মৃত্যুতে প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও আয়োজক কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তারা নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিজের ব্যক্তিগত সহকারীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনও। তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত