বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়া উপজেলায় নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের পশ্চিম চাঁন্দেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

নিহতরা হলেন আব্দার হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২২), মৃত রশিদ শেখের মেয়ে মনিরা বেগম (৫৫) এবং তার স্ত্রী রাশিদা বেগম (৮৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে বাড়ির একটি ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। এতে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কচুয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কচুয়া থানার তদন্ত কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, কয়েক দিন ধরে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত