সরাইলে মাদক নিয়ে সংঘর্ষে কিশোর নিহত

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার ছুটুন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। তবে ওই যুবক ইয়াবা না কিনে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

পরে মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় যুবক কামাল, জসিম ও দেওয়ান উদ্দিনসহ কয়েকজন বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সজীব মিয়ার পক্ষ নিয়ে শাহীন ও রতন মিয়া নামে আরও দুই যুবক ক্ষুব্ধ হন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক বাড়তে থাকলে রাত সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে টর্চলাইটের আলোয় প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মাদক-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহত রায়হানের মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত