রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিক্ষোভকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বৃহস্পতিবার (২১ মে) সকালে রামিসার বাসার সামনে থেকে মিরপুর এ এইচ মডেল স্কুলের ব্যানারে মিছিল শুরু হয়। পরে মিরপুর-১১ নম্বর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের অধিকাংশই ছিল ৮ থেকে ১০ বছর বয়সী শিশু। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘জাস্টিস ফর রামিসা’ স্লোগান দেন।
শিক্ষার্থীদের হাতে বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক ও অভিভাবকরা বলেন, রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি দায় স্বীকার করেছেন বলেও দাবি করেন তারা।
এরপরও দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা রাজপথে নামেন।
মিরপুর এ এইচ মডেল স্কুলের এক শিক্ষক বলেন, পপুলার মডেল স্কুলের এক শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় সংহতি জানাতে তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
তিনি বলেন, ভবিষ্যতে যাতে আর কোনো শিশু এমন ঘটনার শিকার না হয়, সেজন্য খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়বে এবং অনেকেই সন্তানদের স্কুলে পাঠাতে শঙ্কা অনুভব করবেন। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তির দাবি জানান তিনি।
বিক্ষোভে অংশ নেওয়া অভিভাবকরাও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এলাকায় অতীতেও শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। সিসি ক্যামেরা থাকলেও সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
মানববন্ধন ও মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।