শাপলা চত্বর শহীদদের ন্যায়বিচার দাবি তুললেন আল্লামা বাবুনগরী

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার শহীদদের ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরা জরুরি।

মঙ্গলবার (৫ মে) বাদে আসর চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরের আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মসজিদ ক্যাম্পাসে শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, ৫ মে’র ঘটনায় নিহত আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো না পাওয়ায় তারা হতাশ। একই সঙ্গে তিনি দ্রুত বিচার ও স্বীকৃতির দাবি জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ফটিকছড়ি উপজেলা শাখার আমির আল্লামা আইয়ুব বাবুনগরী এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় নেতা হারুন আজিজি।

বক্তারা বলেন, শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণ ও ন্যায়বিচারের দাবি জনমনে আজও গভীরভাবে বিদ্যমান। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং সংগঠনের উত্থাপিত ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী হেফাজতের তৎকালীন মহাসচিব মরহুম জুনায়েদ বাবুনগরীর পরিবারের খোঁজখবর নেন।

বাদে মাগরিব ফটিকছড়ির বিভিন্ন স্থানে শাপলা চত্বর ঘটনার প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সম্পর্কিত