শাহজাহানপুরে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-রিভলবারসহ গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার
 ছবি: উদ্ধার হওয়া অস্ত্র।
ছবি: উদ্ধার হওয়া অস্ত্র।

রাজধানীর শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি দল দক্ষিণ খিলগাঁও বাগিচাস্থ ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশের ময়লার ভাগাড়ে অভিযান চালায়।

অভিযানের সময় ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এসব অস্ত্র ও গুলি সেখানে কে বা কারা রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ডিএমপির গণমাধ্যম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অস্ত্রগুলো সেখানে ফেলে যাওয়ার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত