শাহবাগে ছাত্রদল-শিবির সংঘর্ষে ডাকসু নেতাসহ আহত ১১

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোলের ঘটনায় ডাকসুর দুই নেতাসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তাদের হাসপাতালে আনা হয়।

আহতদের মধ্যে রয়েছেন—ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের (২৩), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দিক (২৩), তানজিম (২১), সিফাত (২০), লিটন (২১), খালিদ (২৫), আলভী (২২), দেবাশীষ (২৮), আফরোজা (৩০), জিসান (২৬) ও নবাব (২২)।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি সাংবাদিকদের জানান, ‘ফেক স্ক্রিনশট’ ইস্যুকে কেন্দ্র করে ডাকসুর নেতা আব্দুল্লাহ আল মামুনকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।

তিনি বলেন, নিরাপত্তা চেয়ে মামুন শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে সেখানে হামলার ঘটনা ঘটে। তার অভিযোগ, থানার ভেতরেই তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়, এমনকি ঘটনাস্থলে থাকা সাংবাদিকরাও হামলার শিকার হন।

সাদিক কায়েম এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

তবে এ বিষয়ে শাহবাগ থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, শাহবাগের ঘটনায় আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সম্পর্কিত