হাওরাঞ্চলের শিক্ষায় সেক্টরভিত্তিক পরিকল্পনা হচ্ছে: ববি হাজ্জাজ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সারাদেশের হাওরাঞ্চল ও অনুরূপ ভৌগোলিক বৈশিষ্ট্যসম্পন্ন এলাকার শিক্ষাব্যবস্থার সমস্যা সমাধানে সেক্টরভিত্তিক পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জে পিটিআই স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণে রোববার (২৬ জুলাই) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রায় ছয় ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হাওর এলাকার বিদ্যালয়গুলোতে কীভাবে আরও কার্যকর শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে নৌকার ব্যবস্থা করা এবং স্থানীয় বাস্তবতা বিবেচনায় বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে সকাল ৯টায় শুরু হওয়া ক্লাসের সময় পরিবর্তনের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেগুলোর পরিবর্তে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

এ সময় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুর রহিম, জেলা প্রশাসক মিনহাজুর রহমান এবং পুলিশ সুপার জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত