ধর্ম মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দেয়: মেয়র শাহাদাত

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ধর্ম মানুষকে পবিত্রতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ধর্ম মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার চর্চা গড়ে তোলে এবং একটি উন্নত জাতি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘পূজায়ন’-এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ধার্মিকতা একটি জাতিকে উন্নত করে এবং ধর্ম শান্তির বার্তা বহন করে। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। এ দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই সমান মর্যাদার নাগরিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, সনাতনী সম্প্রদায়ের পাশে বিএনপি সবসময় রয়েছে। তিনি জানান, আসন্ন রথযাত্রা মহোৎসব সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কেন্দ্রীয়ভাবে বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।

সংগঠনের সভাপতি তুর্জয় দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহুল দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন অরুপ রতন চক্রবর্তী, আশুতোষ দে, ঝন্টু চৌধুরী, প্রদীপ চক্রবর্তী, প্রবাল চক্রবর্তী, ডা. অনির্বাণ ঘোষ, বরুন হাজারী, ডা. অপূর্ব ধর, রুপন চক্রবর্তী ও লিটন দাশগুপ্তসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত