রাজশাহীতে ব্যবসায়ী দোকানে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

রাজশাহী (প্রতিনিধি)
রাজশাহীর বাগমারায় ব্যবসায়ী দোকানে আগুন দিয়ে আহত ছবি: সংগৃহীত
রাজশাহীর বাগমারায় ব্যবসায়ী দোকানে আগুন দিয়ে আহত ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারায় নিজ মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার রাতে উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টা করা ব্যবসায়ীর নাম আবুল কালাম (৫৩)। তিনি মুগাইপাড়া গ্রামের বাসিন্দা। দগ্ধ আবুল কালামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাতে জানা যায়, তার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যার পর দোকানে যান আবুল কালাম। কিছুক্ষণ পর তিনি দোকান থেকে বের হয়ে চারপাশে পেট্রল ঢেলে ভেতরে আগুন ধরিয়ে দেন। ভেতরে ঢোকার সময় শরীরে আগুন ধরে যায় এবং দগ্ধ হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করার পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা করেন।

বাগমারা ফায়ার স্টেশনের একটি দল রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকান ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ছয় থেকে সাত লাখ টাকার মতো।

স্থানীয়দের বরাতে জানা যায়, আবুল কালাম কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। এছাড়া জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের কারণে মানসিক চাপে ছিলেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে আবুল কালাম নিজেই দোকানে আগুন দিয়েছেন।

সম্পর্কিত