তাহের মল্লিকের বিরুদ্ধে বাগেরহাটে বিক্ষোভ-মানববন্ধন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. তাহের মল্লিকের বিরুদ্ধে অত্যাচার ও নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে কার্তিকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সহস্রাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নানসহ স্থানীয় ভুক্তভোগীরা। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাহের মল্লিক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। জমি দখল, মারধর, চাঁদাবাজিসহ নানা অপরাধে তিনি জড়িত ছিলেন বলে দাবি করেন তারা।

তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে এবং অনেককে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। সাম্প্রতিক সময় এলাকায় না থাকলেও তিনি দূর থেকে মিথ্যা মামলা ও অপপ্রচারের মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করছেন বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, বিভিন্ন সময়ে হামলা, লুটপাট ও নির্যাতনের শিকার হয়েছেন তারা। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে তাহের মল্লিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সম্পর্কিত