শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীর প্রতি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

স্টাফ রিপোর্টার
রাজধানীতে শিক্ষায় ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: দৈনিক নতুনচাঁদ
রাজধানীতে শিক্ষায় ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: দৈনিক নতুনচাঁদ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাটের হার কমানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজধানীতে মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বনানী কাকলী মেইন রোড হয়ে বনানী ১১ নম্বর সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাটের হার কমানোর সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।

মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু)। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার প্রায় ৫০ থেকে ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

সভাপতির বক্তব্যে আবু হোরায়রা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষার জন্য ভাষা ল্যাব স্থাপনের উদ্যোগ উচ্চশিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়ক হবে। তিনি দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠারও দাবি জানান।

সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও আরও শিক্ষা-বান্ধব ও যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে—এমন প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে তিনি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সম্পর্কিত