নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ মজুত ও পাচার ঠেকাতে সোমবার বিকেল পাঁচটার দিকে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। এ সময় একটি ভ্যান ও ট্রাক্টরে রাখা ৯ ব্যারেল থেকে ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তেলের মালিক উপজেলার মাউলী গ্রামের পিন্টু শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রায় এক ঘণ্টা পর কলবাড়িয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাক থেকে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। তেলমালিক উপজেলার যোগানিয়া গ্রামের খায়রুল শেখ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাঁকে ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, জব্দকৃত ডিজেল খুলনার ডুমুরিয়া ও হরিণটানা এলাকা থেকে কালিয়া উপজেলায় আনা হয়েছিল। মালিকরা কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। তাই তেল জব্দ করে কালিয়া ফিলিং স্টেশনের জিম্মায় রাখা হয়েছে। পরে এগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে অর্থ রাজস্ব কোষাগারে জমা করা হবে।