নোয়াখালীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার জেলার সদর উপজেলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আটক যুবকের নাম মো. সুজন (২৭)। তিনি দুই সন্তানের বাবা। শিশুকে ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সুজনকে স্কুলের একটি কক্ষে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সোমবার সকালে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক ফোন করে তাঁকে পুরো ঘটনাটি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, রোববার বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে শিশুটি এ ঘটনার শিকার হয়।
প্রধান শিক্ষক আরও বলেন, অভিযুক্ত সুজন এর আগেও একাধিক স্কুলছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, বিকেলে মেয়েকে বাড়ি ফিরতে না দেখে তিনি স্কুলের দিকে যান। পথে একটি বাড়ির সামনে লোকজনের ভিড় দেখে সেখানে গিয়ে ঘটনার বিষয়টি জানতে পারেন।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর বক্তব্য অনুযায়ী সে ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।