নড়াইলে তেলের জন্য ঝগড়ার ঘটনায় ফিলিং স্টেশন ম্যানেজার নিহত

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নড়াইলের সদর উপজেলায় তেল না পাওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ট্রাকচালক সুজাতের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার গভীর রাতে উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন এবং পেড়লী গ্রামের বাসিন্দা। আহত জিহাদুল ইসলামকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাম্পের ক্যাশিয়ার জসিমউদ্দীন জানান, ট্রাকচালক সুজাত তেল নিতে আসলে পাম্পে তেল না থাকায় তেল দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে নাহিদ সরদারের সঙ্গে তার কথাকাটাকাটির একপর্যায়ে সুজাত হুমকি দিয়ে বলেন, ‘তোদের পাম্পে তেল আছে তুই দিচ্ছিস না তোকে আজকে ট্রাকের তলে চাপা দিব।’

পাম্পের আরও একজন কর্মচারী সোহান ইসলাম জানান, রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নাহিদ সরদার তার ভাইয়ের বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে বাড়ির দিকে রওনা দেন। এই সময় সুজাত ট্রাক ঘুরিয়ে তাদের পেছনে আসে এবং নাহিদ সরদারকে ট্রাক চাপা দিয়ে চলে যায়। জিহাদুল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়; জিহাদুলকে পরে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই মঞ্জুর সরদার বলেন, “সুজাত পরিকল্পিতভাবে হুমকি দিয়ে আমার ভাইকে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, ট্রাকসহ চালককে আটক করার চেষ্টা চলছে।

সম্পর্কিত