ডিসি বদলি নিয়ে বক্তব্যে আমির হামজাকে নোটিশ

স্টাফ রিপোর্টার
 ছবি: এমপি আমির হামজা
ছবি: এমপি আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা-কে জেলা প্রশাসক (ডিসি) বদলি নিয়ে দেওয়া বক্তব্যের জেরে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্ট-এর আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ-এর মাধ্যমে নোটিশটি পাঠান কুষ্টিয়া সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলাম।

নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে তার বক্তব্যের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে হবে অথবা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের আগে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক বদলি হয়ে এ জেলায় আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করা হয়।

নোটিশে আরও বলা হয়, ঘুষ ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগ উত্থাপন করা হলেও সংশ্লিষ্টদের নাম প্রকাশ না করায় বিষয়টি আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নাম জনসমক্ষে প্রকাশ করা উচিত।

এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও মুফতি আমির হামজার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ২ এপ্রিল কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ঘুষের প্রস্তাবের অভিযোগ নিয়ে নাম প্রকাশের দাবিতে একই ব্যক্তিকে আরেকটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

সম্পর্কিত