চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কালবৈশাখী ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, এ দুর্যোগে অন্তত ৪৪৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত জমির মধ্যে বোরো ধান ৩২০ হেক্টর, ভুট্টা ৫০ হেক্টর, পাট ২০ হেক্টর, গ্রীষ্মকালীন সবজি ৫০ হেক্টর, গ্রীষ্মকালীন ভুট্টা ৫ হেক্টর, তিল ৫ হেক্টর এবং মুগ ৫ হেক্টর রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প এলাকার অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ কেউ ধান কেটে মাঠে রেখেছিলেন, আবার অনেকে ভুট্টা ও সবজি সংগ্রহ করে শুকাতে দিয়েছিলেন। হঠাৎ শিলাবৃষ্টিতে এসব ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ওঠারচর গ্রামের কৃষি উদ্যোক্তা আতাউর রহমান সরকার জানান, এবার ধানের ভালো ফলন হয়েছিল। তবে শিলাবৃষ্টিতে তার প্রায় অর্ধেক পাকা ধান পড়ে গেছে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
দেওয়ানজীকান্দি গ্রামের ভুট্টাচাষি ইমরান হোসেন বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতির পর শিলাবৃষ্টিতে তার ভুট্টা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন খরচ উঠে আসবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
পাটচাষি দেলোয়ার হোসেন জানান, নতুন করে চাষ করা পাটের কোমল গাছ ঝড় ও শিলাবৃষ্টিতে ভেঙে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে ৪৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। মাঠপর্যায়ে জরিপ চলছে এবং চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণের কাজ অব্যাহত রয়েছে।