কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে বিষপান করে তরুণের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রেমিকার বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেছে ১৮ বছর বয়সী মারুফ। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত মারুফ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ডাকাতেরপোল এলাকার সবুজ মিস্ত্রি বাড়ির মো. সবুজের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ পেশায় কাঠমিস্ত্রি এবং বাবার সঙ্গে কাজ করতেন। চার মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বপ্না নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে পরিচয় প্রেমের সম্পর্ক হিসেবে গড়ে ওঠে, যা উভয় পরিবারও জানতেন। তবে সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

মারুফের খালাতো ভাই মাকছুদুর রহমান জানান, ঈদে মারুফ ঢাকাতে তার ফুফুর বাসায় অবস্থান করছিল। মঙ্গলবার সকালে প্রেমিকার সঙ্গে দেখা করতে কুষ্টিয়ায় যান। সেখানে পৌঁছালে দুপুরে বিষপান করেন এবং গুরুতর অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারুফের অকাল মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, সামান্য মোবাইল ফোনের পরিচয়ে এমন ট্র্যাজেডি হবে তারা কল্পনাও করেননি। লাশ আনতে ইতোমধ্যে তার দুই জেঠা ও নিকটাত্মীয় কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

কমলনগর থানার ওসি ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে কোনো উত্তর পাওয়া যায়নি।

সম্পর্কিত