বনলতা এক্সপ্রেস বন্ধের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার
 ছবি: রুমিন ফারহানা
ছবি: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিতের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার সমালোচনা করেন বক্তারা এবং অবাধ সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সোমবার (১ জুন) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ‘ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে দেশের সাংস্কৃতিক রাজধানী বলা হলেও বিভিন্ন সময় সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে এবং তারই অংশ হিসেবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ কিংবা সাম্প্রতিক গণআন্দোলন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর একক সম্পদ নয়; এগুলো জনগণের অংশগ্রহণে সংঘটিত হয়েছে। তাই এসব অর্জনকে কেউ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে তা গ্রহণযোগ্য হবে না।

রুমিন ফারহানা প্রশ্ন তুলে বলেন, একটি পারিবারিক ও সামাজিকধর্মী চলচ্চিত্রের প্রদর্শনী কেন বন্ধ করে দেওয়া হলো। তিনি দাবি করেন, সমাজের গুরুত্বপূর্ণ অপরাধগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ রাষ্ট্রের সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার পরিবর্তে অন্য সমস্যাগুলোর সমাধানে মনোযোগ দেওয়া উচিত।

মানববন্ধনে আরও বক্তব্য দেন উদীচী ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, রিফতি আল জাবেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। তারা চলচ্চিত্র প্রদর্শনী স্থগিতের ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত সমাধানের দাবি জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা না গেলে সমাজে অসহিষ্ণুতা বাড়বে। তারা ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী ও শিল্পচর্চার অনুকূল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। তবে কওমি ছাত্রজনতার বিরোধিতার মুখে আয়োজকরা প্রদর্শনী স্থগিত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত