চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ওপর একতরফাভাবে দায় না চাপানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ বিষয়টি উঠে আসে। এ সময় চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংঘর্ষের প্রসঙ্গ তুলে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার বিষয়ে বিভিন্ন সংবাদ ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য পাওয়া গেছে। তবে প্রকৃত ঘটনা জানতে সময় প্রয়োজন। তিনি বলেন, তদন্ত ছাড়া কোনো রাজনৈতিক দলকে দায়ী করা ঠিক নয়।
তিনি আরও বলেন, “আমরা অতীতের মতো একতরফা দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। কোনো ঘটনা ঘটলে অবশ্যই মামলা হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রামের সিটি কলেজ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।