গণ-অভ্যুত্থানের প্রকৃত মালিক ১৮ কোটি মানুষ: ভূমি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
ছবি: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, এ গণ-অভ্যুত্থানের দাবিদার কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী নয়, বরং এর প্রকৃত মালিক বাংলাদেশের ১৮ কোটি মানুষ।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ যখন নির্যাতন, দুঃশাসন ও স্বৈরাচারী শাসনের অবসান চেয়েছে এবং কোনো প্রতিবেশী দেশের প্রভাবাধীন থাকতে অস্বীকৃতি জানিয়েছে, তখনই গণ-অভ্যুত্থানের চূড়ান্ত ফলাফল এসেছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গুম, হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। একই সঙ্গে বিরোধী মতের সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষও নিপীড়নের মুখে পড়েছেন। এসব ঘটনারই বহিঃপ্রকাশ ছিল জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান।

চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ্ নওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং যুগ্ম সম্পাদক মিঞা মোহাম্মদ আরিফ। স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নসরুল কদির, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদ, প্রেস ক্লাবের সহসভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং আহত জুলাইযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সাত্তারসহ আরও অনেকে।

সম্পর্কিত