হবিগঞ্জে রেশনিং সত্ত্বেও প্রতিদিন ১.৯১ লাখ লিটার তেলের ঘাটতি

স্টাফ রিপোর্টার
 ছবি: online
ছবি: online

হবিগঞ্জ জেলায় জ্বালানি তেল বিক্রয়ে রেশনিং পদ্ধতি চালুর পরও প্রতিদিন প্রায় ১ লাখ ৯১ হাজার লিটার তেলের ঘাটতি দেখা দিচ্ছে। জেলার ১৯টি ফিলিং স্টেশনের দৈনিক চাহিদা ২ লাখ ৭৫ হাজার লিটার হলেও ডিপো থেকে সরবরাহ মিলছে মাত্র ৮৪ হাজার লিটার। এর ফলে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা সবচেয়ে বেশি সংকটে পড়ছেন।

শনিবার (১৪ মার্চ) শায়েস্তাগঞ্জের চৌধুরী ফিলিং স্টেশনে ক্রেতাদের সঙ্গে কর্মচারীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার এবং ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার তেল দেওয়ায় চালকেরা অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

জেলায় অকটেনের দৈনিক চাহিদা ২৫ হাজার লিটার, পেট্রোলের ৫০ হাজার লিটার এবং ডিজেলের ২ লাখ লিটার হলেও সরবরাহ মিলছে যথাক্রমে ৭ হাজার, ২০ হাজার ও ৫৭ হাজার লিটার। ফলে প্রতিদিন ১৮ হাজার লিটার অকটেন, ৩০ হাজার লিটার পেট্রোল এবং ১ লাখ ৪৩ হাজার লিটার ডিজেলের ঘাটতি তৈরি হচ্ছে।

পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের হবিগঞ্জের সদস্যসচিব মাহবুবুর রহমান চৌধুরী হেলাল জানান, হরমুজ প্রণালীর পরিস্থিতির প্রভাব বাংলাদেশে এখনও পড়েনি এবং হবিগঞ্জের দুটি কূপ থেকে উৎপাদিত বিপুল পরিমাণ তেল সারাদেশে সরবরাহ করা হচ্ছে। তবে তিনি অপ্রয়োজনীয় যানবাহন সীমিত করার পরামর্শ দিয়েছেন, কারণ গাড়ির সংখ্যা বেশি হলে তেলের সরবরাহ কমে পেট্রোল পাম্পে অস্থিরতা বাড়তে পারে।

সম্পর্কিত