গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হচ্ছে। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হচ্ছে। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ১ হাজার ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন।

বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দ্বারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ইমরুল মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগ দিলে তাদের স্বাগত জানানো হবে।

বিএনপিতে যোগদানকারী নবাগত নেতারা জানান, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সম্পর্কিত