গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, বড় দুর্ঘটনা এড়ানো

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে একটি ফিলিং স্টেশনে প্রবেশের সময় জ্বালানি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালকের উপস্থিত বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে গৌরনদীর নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম জানান, পদ্মা ডিপো থেকে আসা পেট্রোলবোঝাই একটি লরি তেল সরবরাহের জন্য ফিলিং স্টেশনে প্রবেশ করছিল। এ সময় হঠাৎ করে লরিটিতে আগুন ধরে যায়।

পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগেই চালক দ্রুত লরিটি ফিলিং স্টেশন এলাকা থেকে বের করে গৌরনদী-আগৈলঝাড়া সড়কে নিয়ে যান। এতে বড় ধরনের বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্পর্কিত