সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই

স্টাফ রিপোর্টার
 ছবি: বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু।
ছবি: বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু।

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই। সোমবার (২৭ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী ও কালমেঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হ্যাপি। তিনি পরিবার, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, গোলাম সরোয়ার হিরু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৪৯ সালের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন গোলাম সরোয়ার হিরু। তিনি বরগুনার রাজনীতির সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি লাভ করেন। এর আগে তিনি কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ত রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে ইসলামী ঐক্যজোট, বিএনপি, আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক দল পরিবর্তনের কারণে তিনি একাধিকবার আলোচনায় আসেন।

২০১৩ সালে বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হওয়ায় তিনি আবারও রাজনৈতিক আলোচনায় আসেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পর্কিত