ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মঙ্গলবার (১২ মার্চ) যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে আহাদ শেখ (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালত একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।
রায় ঘোষণার সময় আহাদ শেখ আদালতে উপস্থিত ছিলেন এবং পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী গ্রামের মৃত বাদশা শেখের ছেলে তিনি। মামলার অপর দুই আসামি মাহিন শেখ ও সরুজ শেখকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, আহাদ শেখ ও রুবাইয়া বেগমের পারিবারিক বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ টাকা দেওয়া হয়েছিল। তবে বিয়ের পর আহাদ শেখ আরও দুই লাখ টাকা দাবি করেন। রুবাইয়া বেগমের ওপর চাপ ও নির্যাতন চালানো হয়। ২০১৭ সালের ১ আগস্ট রুবাইয়া বেগমকে মারধর ও বিষাক্ত পদার্থ খাইয়ে হত্যা করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিপি গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর আদালত প্রধান আসামি আহাদ শেখকে দোষী সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন।