ফ্যামিলি কার্ড মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। তিনি বলেন, এ কার্ড কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, বরং দেশের প্রতিটি পরিবারের জন্য।

রোববার (২৪ মে) গুমানমর্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম-২০২৬ এর তৃতীয় পর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য প্রকৃত উপকারভোগীদের সহায়তা নিশ্চিত করা। এজন্য মাঠপর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা ভুল গ্রহণযোগ্য হবে না। ফ্যামিলি কার্ড কার্যক্রম শতভাগ নির্ভুলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনের সময় সুবিধাভোগী মুক্তা দাশ, শোভা দাশ ও নীলা দাশের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। তিনি তাদের সরকার প্রদত্ত সহায়তা শিক্ষা ও আয়বর্ধক কাজে ব্যবহারের পরামর্শ দেন।

জেলা প্রশাসক বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। সমাজের পিছিয়ে থাকা মানুষদের মূলধারায় সম্পৃক্ত করাই সরকারের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, সমাজে মূল্যবোধ ও মানবিকতা চর্চার মাধ্যমেই প্রকৃত পরিবর্তন সম্ভব।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শহীদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

সম্পর্কিত