নড়াইলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা কাজী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহাকাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কাজী সদর উপজেলার মহাকাল গ্রামের আকমল কাজীর ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের শিশুদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। পরদিনও দুই গ্রামের শিশুদের মধ্যে বিরোধ দেখা দিলে মোস্তফা কাজীসহ স্থানীয় কয়েকজন মুরুব্বি এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
অভিযোগ রয়েছে, এরই জেরে শুক্রবার বিকেলে ভদ্রবিলা হাট থেকে বাজার করে বাড়িতে ফেরার পর পুনরায় হাটের দিকে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আকবর জানান, হাসপাতালে আনার আগেই মোস্তফা কাজীর মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, শিশুদের ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।