ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) ইসি সচিব স্বাক্ষরিত গেজেটে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫)-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুযায়ী ৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের স্থগিত সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতামাতার পরিচয় ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। তার পিতা সেরাজল হক এবং মাতা মোছা. হেলেন আক্তার। তার ঠিকানা শ্রীবরদী উপজেলার হালগড়া এলাকায়।
অন্যদিকে বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা। তার পিতা মো. শাহ আলম এবং মাতা জাহানারা বেগম। তার ঠিকানা বগুড়া সদরের শিববাটী এলাকায়।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হয়ে আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা করে নতুন করে উপনির্বাচন আয়োজন করে ইসি।
এছাড়া শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই সময় ভোট স্থগিত করা হয়। পরে ৯ এপ্রিল নতুন তফসিলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।