দাউদকান্দিতে হত্যা মামলায় ছাত্রনেতা গ্রেপ্তার, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
শাকিব হোসেন গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত
শাকিব হোসেন গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে গণ-অভ্যুত্থানে নিহত সুলতান মিয়া হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিব হোসেন (রাব্বি)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তদন্তে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় শাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় তার ভাই নবীর হোসেন-কেও আটক করা হয়েছে।

এদিকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা থেকে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। তারা দাউদকান্দির বিশ্বরোড এলাকায় অবস্থান নেন। এতে রাজারহাট থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

নিহত সুলতান মিয়া তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গৌরীপুর বাজারে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। এ ঘটনায় ২০২৫ সালের ৩০ জুন তার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তবে শাকিবের পরিবারের দাবি, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। শাকিবের বড় ভাই জাহিদুল ইসলাম বলেন, “আমার ভাই জুলাই আন্দোলনে সক্রিয় ছিল। তাকে পরিকল্পিতভাবে এ মামলায় জড়ানো হয়েছে।”

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তদন্তে শাকিব ও তার ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং আরও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা আতিকুল ইসলাম (শান্ত) অভিযোগ করেন, বিনা নোটিশে মধ্যরাতে শাকিবকে আটক করা হয়েছে এবং ঘটনার স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেন।

সম্পর্কিত