আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদ ও ভোটাররা। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকেই এই আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে।
কুমিল্লা-৫ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যায় প্রার্থী বেশি হলেও মূল লড়াইটি হবে বিএনপি ও জামায়াতের মধ্যেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রচারের দিনক্ষণ ও কৌশল আগেই চূড়ান্ত করে মাঠে নেমেছেন প্রার্থীরা। স্থানীয় ভোটার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই আসনে দুই দলই শক্ত সাংগঠনিক অবস্থানে রয়েছে।
বিএনপির প্রার্থী হাজী মো. জসিম উদ্দিন বুড়িচং–ব্রাহ্মণপাড়া এলাকায় পরিচিত রাজনৈতিক মুখ। তার রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় কাঠামো এবং সুসংগঠিত কর্মীভিত্তি। অতীত নির্বাচনী নেটওয়ার্কও তার পক্ষে কাজ করছে।
অন্যদিকে জামায়াতের প্রার্থী ড. মো. মোবারক হোসাইন নির্দিষ্ট আদর্শভিত্তিক একটি স্থায়ী ভোটব্যাংকের ওপর নির্ভর করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ভোটব্যাংক সাধারণত নীরবে কিন্তু সংগঠিতভাবে মাঠে কাজ করে।
এই দুই শক্ত মেরুর মাঝখানে রয়েছেন তরুণ প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া (ঈগল প্রতীক)। তিনি মূলত তরুণ ভোটার, প্রথমবার ভোট দিতে যাওয়া নাগরিক এবং প্রচলিত রাজনীতিতে বিরক্ত একটি অংশের সমর্থনের ওপর ভর করছেন।
বুড়িচং উপজেলার এক কলেজপড়ুয়া ভোটার ফাহিম বলেন, “আমরা গত ১৫–২০ বছর ধরে একই ধরনের মুখ দেখে আসছি। ফল কী হয়েছে, সেটা তো চোখের সামনেই। এবার অন্তত একজন নতুন মানুষকে সুযোগ দেওয়া দরকার।”
একজন বয়স্ক কৃষক আনোয়ার হোসেন বলেন, “যেই জিতুক না কেন, রাস্তাঘাট, হাসপাতাল আর কৃষির অবস্থার মৌলিক পরিবর্তন আমরা দেখি না।”
কংশনগর বাজারের ব্যবসায়ী মান্নান বলেন, “দল বড় কথা নয়, দরকার এমন এমপি যিনি এলাকায় কথা বলতে পারবেন এবং ঢাকায় গিয়ে এলাকার সমস্যাগুলো তুলে ধরবেন।”
এলাকার একজন নারী ভোটার ও স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার বলেন, “নারী, শিক্ষা আর স্বাস্থ্য নিয়ে নির্বাচনের বাইরে কেউ সিরিয়াস কথা বলে না।”
ভোটারদের এই বক্তব্যে স্পষ্ট—কেবল দল নয়, তারা খুঁজছেন কার্যকর প্রতিনিধিত্ব ও বাস্তব পরিবর্তন। পুরনো ধারার নিরাপদ রাজনীতি নাকি নতুন ও অনিশ্চিত পথ—সেই সিদ্ধান্তই দেবে ব্যালট বাক্স।