চবিতে নববর্ষে অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান

স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ নববর্ষ বরণ অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই দেশের জনগণ তাদের অধিকার আদায় করেছে এবং একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য সামনে রেখেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, ৯০-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের পথে অগ্রগতি হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ এবং সবাইকে ধারণ করেই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদের ভিত্তি গড়ে দিয়েছিলেন এবং তারেক রহমান ‘রংধনু জাতি’ গঠনের ধারণা দিয়েছেন, যা বহুমাত্রিক সমাজকে ধারণ করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যক্তিগত স্মৃতি তুলে ধরে তিনি বলেন, তার পরিবার এখান থেকেই পড়াশোনা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। পাশাপাশি ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, গান, নৃত্য, কাবাডি, বলী খেলা, বউচি খেলা ও পুতুল নাচসহ নানা সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় উপাচার্য মো. আল-ফোরকান-এর নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়ে জারুলতলায় গিয়ে শেষ হয়। পরে উপ-উপাচার্য কামাল উদ্দিন-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খান, বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ আল-আমীন এবং প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী।

সম্পর্কিত