কর্মমুখী ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
শনিবার (১৬ মে) বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম মিলনায়তনে ‘এসো উড়াই বেগে স্বপ্ন ঘুড়ি’ স্লোগানে আয়োজিত দ্বিতীয় ‘দীপ্ত প্রজন্ম মেধা বৃত্তি ২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপ্ত প্রজন্ম বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে ২৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজারের বেশি শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ৪০০ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপ্ত প্রজন্ম বাংলাদেশের চেয়ারম্যান এইচ এম রাশেদ খান। গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দীপ্ত প্রজন্ম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইসরাফিল খসরুকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, অনেক অভিভাবক নিজেদের প্রত্যাশা ও ব্যর্থতার চাপ সন্তানদের ওপর চাপিয়ে দেন, যা শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। তিনি বলেন, শিক্ষাকে শুধু সনদ অর্জনের মাধ্যম না বানিয়ে দক্ষতা ও আত্মবিশ্বাস গঠনের ভিত্তি হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের দিকে গুরুত্ব দিতে হবে এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কারিগরি ও সমন্বিত শিক্ষার ওপর সরকারের গুরুত্বের ফলে ভবিষ্যতে শিক্ষিত বেকারত্ব কমে আসবে বলেও তিনি মন্তব্য করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজকের শিশু-কিশোররাই ভবিষ্যতের দেশ গড়ার কারিগর। সঠিক পরিচর্যা ও মূল্যবোধের শিক্ষা তাদের আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে।
সংবর্ধিত অতিথি ইসরাফিল খসরু বলেন, জ্ঞানভিত্তিক ও চাহিদাসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী না করলে তরুণদের মধ্যে হতাশা তৈরি হতে পারে। তিনি তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্বের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ৪০০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও প্রাইজ বন্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশনাও অনুষ্ঠিত হয়।