রাফিনের মৃত্যুতে চাঁদপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
রাফিনের মৃত্যুর প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
রাফিনের মৃত্যুর প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চাঁদপুরে আল আমিন একাডেমীর শিক্ষার্থী আবু সাঈদ রাফিন সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো শহর। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের চাপায় তার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে আল আমিন একাডেমীর শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। সরেজমিনে দেখা যায়, আল আমিন একাডেমী প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। পরে শিক্ষার্থীরা চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়।

সড়ক অবরোধের ফলে শহরের প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজারো শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

সমাবেশে শিক্ষার্থীরা ‘সড়ক চাই নিরাপদ, প্রাণহানি আর নয়’সহ বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সড়কে নিরাপত্তার অভাবেই একের পর এক প্রাণ ঝরছে। তারা রাফিনের মৃত্যুর জন্য দায়ী পিকআপ ভ্যানের চালককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ছাড়া শিক্ষার্থীরা শহরের মধ্যে ট্রাক ও পিকআপ ভ্যান চলাচলের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণের দাবি করেন। কোন সময় কোন সড়কে ভারী যানবাহন চলাচল করবে, তা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে নির্ধারণ করার আহ্বান জানান তারা।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে আবু সাঈদ রাফিন হত্যার সুষ্ঠু বিচার, দোষী চালককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি শহরের সড়কগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সম্পর্কিত