চাঁদপুরে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, সরবরাহ অব্যাহত

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এসব ডিপো থেকে প্রতিদিন লরি ও ব্যারেলের মাধ্যমে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পাম্পে নিয়মিত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। সোমবার ডিপোগুলো পরিদর্শন করে এ তথ্য জানা গেছে।

ডিপো সূত্রে জানা যায়, বর্তমানে তিনটি ডিপোতে মোট ডিজেল মজুত রয়েছে ৭৬ লাখ ৬৫ হাজার লিটার, অকটেন ১৫ লাখ ৩৩ হাজার লিটার, পেট্রল ১৭ লাখ ২০ হাজার লিটার এবং কেরোসিন ১৯ লাখ ৩২ হাজার লিটার।

পদ্মা ডিপোর ইনচার্জ মোহাম্মদ লোকমান জানান, তাদের ডিপোতে ৩৬ লাখ লিটার ডিজেল, ৩ লাখ ৩৮ হাজার লিটার অকটেন, ৭ লাখ ৫০ হাজার লিটার পেট্রল এবং ৪ লাখ ৫০ হাজার লিটার কেরোসিন মজুত রয়েছে। প্রতিদিন এখান থেকে চাঁদপুরসহ চার জেলায় গড়ে প্রায় আড়াই লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।

মেঘনা ডিপোর ইনচার্জ মো. জাফর বলেন, তাদের ডিপোতে ডিজেল রয়েছে ১৫ লাখ ৬৫ হাজার লিটার, অকটেন ২ লাখ ১০ হাজার লিটার এবং কেরোসিন ২ লাখ ৮২ হাজার লিটার।

অন্যদিকে, যমুনা ডিপোর ইনচার্জ মো. নূর এ আলম জানান, তাদের ডিপোতে ২৫ লাখ লিটার ডিজেল, ৯ লাখ ৮৫ হাজার লিটার অকটেন, ৯ লাখ ৭০ হাজার লিটার পেট্রল এবং ১২ লাখ লিটার কেরোসিন মজুত রয়েছে।

ডিপো সংশ্লিষ্টরা জানান, বর্তমানে মজুত থাকা জ্বালানি তেল দিয়ে অন্তত এক সপ্তাহ সরবরাহ চালিয়ে যাওয়া সম্ভব। সরকারি বরাদ্দ অনুযায়ী নিয়মিত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং প্রতিটি ডিপোয় পর্যাপ্ত জনবল ও নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।

সম্পর্কিত