চট্টগ্রামে আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

চট্টগ্রাম প্রতিনিধি
আনোয়ারার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে চুরি হওয়া সিসি ক্যামেরার স্থান। ছবি: সংগৃহীত
আনোয়ারার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে চুরি হওয়া সিসি ক্যামেরার স্থান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে রাতের অন্ধকারে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত ক্যামেরাগুলো খুলে নিয়ে যায়।

ঘটনার পরপরই সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আনোয়ারা থানার পুলিশ মাসুদ (১৮) ও আল আমিন (২০) নামের দুই স্থানীয় যুবককে জিজ্ঞাসাবাদ করেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনায় এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

গ্রাম পুলিশ ইদ্রিস জানান, ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় তিনি সিসি ক্যামেরা দেখেছেন। পরে সকালে না দেখতে পেয়ে প্রশাসনকে বিষয়টি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম জিলানী বলেন, সকাল ৮টার দিকে সিসি ক্যামেরা না দেখতে পেয়ে তিনি সেনাবাহিনী ও পুলিশকে অবগত করেন।

আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরি বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, একই দিনে নতুন করে দুটি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

সম্পর্কিত