গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে এক ঋণগ্রহীতার মাথায় লাঠি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক মাঠকর্মীর বিরুদ্ধে। আহত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম লাকী বেগম। তিনি পালানপাড়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী।
অভিযুক্ত মাঠকর্মীর নাম সালমা বেগম। তিনি ব্র্যাকের ধাপেরহাট শাখায় মাঠ সংগঠক হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, লাকী বেগম ব্র্যাক থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই ঋণের কিছু টাকা বকেয়া ছিল। বুধবার সকালে ধাপেরহাট ব্র্যাক অফিসের সামনে বকেয়া কিস্তির টাকা নিয়ে লাকী বেগমের সঙ্গে মাঠকর্মী সালমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, এ সময় পাশে থাকা একটি লাঠি দিয়ে সালমা বেগম লাকী বেগমের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত লাকী বেগমের স্বামী মিন্টু মিয়া দাবি করেন, ঋণের প্রায় সব টাকা পরিশোধ করা হয়েছিল। মাত্র এক হাজার ৫০০ টাকা বাকি ছিল। ওই টাকার জন্য তার স্ত্রীর ওপর হামলা চালানো হয়েছে।
তবে অভিযুক্ত মাঠকর্মী সালমা বেগম বলেন, ঋণগ্রহীতার কাছে দীর্ঘদিন ধরে তিন হাজার টাকা বকেয়া ছিল। টাকা চাইতে গেলে লাকী বেগম ও তার স্বামী তাকে মারধর করেন। আত্মরক্ষার্থে তিনি লাঠি দিয়ে আঘাত করেন।
ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশাররফ হোসেন জানান, বকেয়া ঋণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সুপদ হালদার বলেন, দুই পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।