টেকনাফে বিজিবির অভিযানে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আধুনিক সার্ভেইলেন্স প্রযুক্তির সহায়তায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানে আনুমানিক ২৫ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

জানা যায়, বিশেষ প্রযুক্তির মাধ্যমে বিজিবি তথ্য পায় যে, ১০ এপ্রিল দিনগত রাত আড়াইটার দিকে চোরাকারবারিদের একটি দল মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে।

এরপর টেকনাফ উপজেলার হ্নীলা বিওপির একটি টহল দল ভোর ৩টার দিকে সীমান্তবর্তী গোলপাতা এলাকায় অবস্থান নেয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পুনরায় মিয়ানমারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো এবং নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জহিরুল ইসলাম বলেন, মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত