বিদেশে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ: মন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বিভিন্ন দেশে নানা কারণে আটক থাকা বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে অবৈধভাবে বিদেশে যাওয়া বা বিভিন্ন জটিলতার কারণে অনেক বাংলাদেশি বিদেশের কারাগারে আটক রয়েছেন। আর্থিক অক্ষমতা ও বিমান ভাড়াসহ নানা কারণে তারা দীর্ঘদিন দেশে ফিরতে পারছেন না। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তাদের দেশে ফেরাতে কাজ করছে।

তিনি আরও বলেন, শুধু আটক ব্যক্তিদের ফেরানো নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানেও সরকার কাজ করছে। ভিসার মেয়াদ, কর্মসংস্থান ও প্রশাসনিক জটিলতা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

মন্ত্রী জানান, প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে বিদেশে বাংলাদেশের মিশনগুলো নিয়মিত যোগাযোগ রাখছে। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫–২৬ অর্থবছরে প্রায় দুই শতাধিক অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া ব্যক্তির মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কল্যাণ বিবেচনায় এসব সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

সম্পর্কিত