ঢাকার মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (৩১ মে) বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যানটিনে লেবেলবিহীন ও জমাটবদ্ধ বাসি মিষ্টি সংরক্ষণ, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র না থাকার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা জরিমানাসহ মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ ছাড়া হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা, রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র স্থাপন, ক্যানটিনের মানোন্নয়ন এবং বেকারি স্থানান্তরের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযানের অংশ হিসেবে বেইলি রোডের মনোয়ারা হাসপাতালও পরিদর্শন করা হয়। সেখানে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. মো. মাহমুদুর রহমান, ডিএসসিসির অঞ্চল-১ এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, রমনা থানার পুলিশ সদস্য এবং সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।