প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলটির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ দল হিসেবে উল্লেখ করা হলেও বিষয়টি আইনগতভাবে আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শেষে নির্ধারণ করবে দলটি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না এবং তাদের রাজনৈতিক অবস্থান কী হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় দলটি যদি মাঠে কোনো কর্মসূচি পালনের চেষ্টা করে, তবে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধে অন্য রাজনৈতিক দলগুলোর বিশেষ কিছু করার প্রয়োজন নেই। সরকারের দায়িত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, আওয়ামী লীগের পক্ষে বর্তমানে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করার মতো নৈতিক অবস্থান নেই। অতীতের বিভিন্ন ঘটনার কারণে দলটির রাজনৈতিক ও নৈতিক জবাবদিহিতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।