রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে শিশুটিকে যৌন সহিংসতার পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত রামিসা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকার মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে পল্লবী থানার একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে স্বপ্না আক্তার (২৬) নামে এক নারীকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানা (৩০) নামে আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।